Name : Holy Spirit Church (1914)
Address : Catholic Church, Tuital
P .O. Daudpur, Dist. Dhaka-1322
Parish Priest : Fr. Ponkoj P. Rodriques
Mobile : (+88) 017 3084 4573
Email : ponkojrodrigues@gmail.com
Catholics : 1,050 (including Sunabaju)
ধর্মপল্লী হিসেবে তুইতাল ধর্মপল্লীর ইতিহাসের শুরু ২৫ মে ১৮৯৪ খ্রিষ্টাব্দে। এই সময় এক বিশপীয় আদেশ জারির মাধ্যমে তুইতালকে হাসনাবাদ থেকে আলাদা করে নতুন ধর্মপল্লী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তুইতালের খ্রিষ্টভক্তগণ বর্তমানে যেখানে বসবাস করছেন খুব সম্ভবত ১৭০০ খ্রিষ্টাব্দ থেকেই সেখানে বসবাস শুরু করেন। নাগরী ও হাসনাবাদ ধর্মপল্লীর ইতিহাসে তুইতাল খ্রিষ্টভক্তদের উৎপত্তি সম্পর্কে পর্যাপ্ত তথ্য রয়েছে। এখান থেকেই জানা যায়, তুইতাল গ্রামের খ্রিষ্টানগণ ১৬৮২ থেকে ১৭১২-এর মধ্যে বৃহত্তর ফরিদপুর জেলার লরিকূল থেকে ঝানকি মৈনট মালিকান্দা হয়ে তুইতাল এলাকায় গিয়ে বসতি গড়ে তোলেন। কিছু কিছু লোক ধলেশ্বরী নদীর ভাঙ্গনের শিকার হয়ে মুশুরিখোলা হয়ে তুইতাল আসেন।
১৮৯৪ খ্রিষ্টাব্দের ২৫ মে তুইতাল ধর্মপল্লী স্থাপিত হয়। হাসনাবাদ ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফাদার নবার্ত আভেলিনো লবো, সিএসসি, এ গির্জার প্রথম পালক নিযুক্ত হন। দায়িত্ব পাওয়ার পর একই বছরে ফাদার বকচর গ্রামে বাঁশ ও ছন দিয়ে গির্জাঘর নির্মাণ করেন। এই বকচরেই সুদীর্ঘ ৫০ বছর তুইতাল ধর্মপল্লীর স্থায়িত্ব ছিল। ১৯২৩ খ্রিষ্টাব্দের ২৭ নভেম্বর ফাদার লবো তুইতাল নতুন গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯২৪ খ্রিষ্টাব্দে তুইতাল গির্জাটি সম্পূর্ণরূপে নির্মিত হয়। ১৯২৪ খ্রিষ্টাব্দের ৮ জুন তিনজন পুরোহিতের উৎসর্গীকৃত পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে নবনির্মিত গির্জা উদ্বোধন করা হয়। ‘পবিত্র আত্মার’ নামে গির্জাটি উৎসর্গ করা হয়।
১৯৫৭ খ্রিষ্টাব্দে তুইতাল কনভেন্টের জন্য একটি নিচু জমি ক্রয় করা হয়। কিন্তু সেখানে ১৯৭৭ খ্রিষ্টাব্দে অষ্ট্রেলিয়া থেকে মারিষ্ট সিস্টারগণ এসে ‘তুইতাল হেলথ্ সেন্টার’ বা স্বাস্থ্য কেন্দ্র চালু করেন। প্রেরিতদের রাণী সিস্টারগণও সে কেন্দ্রে সহায়তা করতেন। ১৯৭৭ খ্রিষ্টাব্দের ৬ নভেম্বর এই হেলথ সেন্টার ও দুটি স্কুল ঘর আশীর্বাদ ও উদ্বোধন করা হয়। বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ এডুয়ার্ড ক্যাসেডি এই অনুষ্ঠানে প্রধান পৌরহিত্য করেন। ফলে আঠারোগ্রাম অঞ্চলবাসীর সুচিকিৎসার দ্বার উন্মোচিত হয়। ১৯৯১ খ্রিষ্টাব্দের ২৭ ডিসেম্বর আর্চবিশপ মাইকেল রোজারিও তুইতাল নতুন গির্জার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ১৯৯৩ খ্রিষ্টাব্দের ৩০ মে পবিত্র আত্মার পর্বদিনে নতুনভাবে নির্মিত গির্জা ঘরটি আশীর্বাদ ও উদ্বোধন করা হয়। ১৯৯৪ খ্রিষ্টাব্দের জুন মাসে আর্চবিশপ মাইকেল রোজারিও ফাদারদের থাকার নবনির্মিত ঘরটিও আশীর্বাদ করেন। তুইতাল গির্জার প্রতিপালক হলেন পবিত্র আত্মা।
