
ফাদার আলবাট রোজারিও: গত ১১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ও ঢাকা মহানগর আঞ্চলিক পালকীয় পরিষদের সহযোগিতায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে ঢাকা শহরে বিউটি পার্লারে কর্মরত মেয়েদের জন্য জুবিলী বর্ষ ও পাস্কা পর্বের প্রস্তুতিমূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৫০ জন বিউটিসিয়ান অংশগ্রহণ করে। সেমিনারের মূলসুর ছিল- “জুবিলী বর্ষ ও প্রায়শ্চিত্তকালের ডাক, পিতার কাছে ফিরে আসার আহ্বান। প্রথমে উদ্বোধনী প্রার্থনা করা হয় এবং একই সঙ্গে পাপস্বীকার শোনা হয়। এরপরেই কয়েকজন গুণী ব্যক্তি শুভেচ্ছা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন- খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট জন গমেজ, ট্রাস্টি মৃগেন হাগিদক, সিডিআই-এর পরিচালক থিওফিল নিশারন নকরেক, ফাদার বিমল ও ফাদার আলবাট এবং স্বপ্না সহ দুইজন বিউটিশিয়ান। তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের মেয়েরা পার্লার বা কল-কারখানায় কাজ করছে। আমরা যেন এইসব মেয়েদের পালকীয় যত্নে আরো যত্নবান হই। বিউটিশিয়ানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যেমন- নিরাপদ চলাচল ও পরিবেশের ব্যবস্থা করা, একটা হেলপ লাইনের ব্যবস্থা রাখা যেখানে গিয়ে মেয়েরা তাদের সুবিধা-অসুবিধার কথা বলার সুযোগ পাবে এবং সার্বক্ষণিকভাবে একজন সিস্টারকে তাদের জন্য দেওয়া। শুভেচ্ছা বক্তব্য শেষ হলে টিফিনের জন্য সামান্য বিরতি দিয়ে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ পর্বে ঢাকার যুব কমিশনের আহবায়ক ফাদার প্রলয় ক্রূস মুলসুরের উপর অনেক প্রাণবন্তভাবে উপস্থাপনা রাখেন। এরপর পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার জয়ন্ত এস গমেজ। তাকে সহায়তা করেন ফাদার লেণার্ড, ফাদার প্রলয় ও ফাদার আলবাট। খ্রিস্টযাগের উপদেশে ফাদার বলেন, তোমরা যেমন একজন মানুষকে সুন্দরভাবে সাজিয়ে দাও ঠিক একইভাবে নিজেদের অন্তরটাকেও সাজাতে হবে। শেষে দুপুরের আহারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
