জুবিলী বর্ষে আঠারোগ্রাম আঞ্চলিকঅভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক সেমিনার – ২০২৫ খ্রিষ্টাব্দ

ফাদার রিগ্যান পিউস কস্তা: জুবিলী বর্ষে আঠারোগ্রাম আঞ্চলিক পালকীয় পরিষদের আয়োজনে ও ঢাকা মহাধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিটির সার্বিক সহযোগিতায় বিগত ১৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার, শুলপুর ধর্মপল্লীতে অভ্যন্তরীণ অভিবাসী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।  সেমিনারে উপস্থিত ছিলেন –  ফাদার অজিত ভিক্টর কস্তা, ওএমআই, ঢাকা মহাধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিটির পক্ষে, আঠারোগ্রাম অঞ্চলের কয়েকজন ফাদার, সিস্টার, শিক্ষকমণ্ডলী ও অভিবাসীসহ প্রায় ১৩৫ জন।  সেমিনারের মূলসুর: “আশাময় ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের তীর্থযাত্রা” এর উপর ভিত্তি করে মূল সহভাগিতা ও খ্রিষ্টযাগ উৎসর্গ করেন  ফাদার অজিত ভিক্টর কস্তা, ওএমআই। তিনি সহভাগিতায় বাইবেলের পুরাতন নিয়ম ও নতুন নিয়মে অভিবাসীর চিত্র ও পাশাপাশি মণ্ডলীতে অভিবাসীদের অবদান ও কার্যক্রমের বিষয়গুলো এবং উনার ব্যক্তিগত যাত্রায় অভিবাসীদের সাথে অভিজ্ঞতাগুলো তুলে ধরেন। সকলের টিফিন গ্রহণ শেষে অভিবাসীরা দলভিত্তিক আলোচনা করেন। দলভিত্তিক আলোচনায় বিভিন্ন প্রশ্নের আলোকে তারা তাদের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা তুলে ধরেন। তাদের আলোচনার প্রেক্ষিতে আঠারোগ্রাম আঞ্চলিক পালকীয় পরিষদের পক্ষে মি. টমাস রোজারিও ও মি. প্রভাত পিটার গমেজ অভিজ্ঞতা সহভাগিতা করেন। আলোচনা শেষে সকলের অংশগ্রহণে পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। এই অভিবাসী সেমিনারে প্রায় ২৫ জন শিশু উপস্থিত ছিল যাদেরকে খ্রিষ্টযাগ শেষে উপহার প্রদান করা হয়। আঠারোগ্রাম আঞ্চলিক পালকীয় পরিষদ ও ধর্মপল্লীর পক্ষে শ্রদ্ধেয় ফাদার কমল কোড়াইয়া, পাল-পুরোহিত, শুলপুর ধর্মপল্লী, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দুপুরের খাদ্যের ব্যবস্থাপনাসহ আনুসঙ্গিক বিষয়ে ঢাকা মহাধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিটি সাার্বিক সহযোগিতা করে। এই সেমিনারে সকলের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল আনন্দপূর্ণ, প্রাণবন্ত ও আশাপূর্ণ। জুবিলী বর্ষে আশার তীর্থযাত্রীরূপে সকল অভিবাসী বিশ্বাসের জীবনে মুক্তিদাতা যীশুর সাথে পথ চলার মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ বিনির্মাণে এগিয়ে যাওয়া অনুপ্রেরণা ও তাদের প্রতি মণ্ডলীর ভালবাসা তারা উপলব্ধি করেছে।

Scroll to Top